Collected from: prothomalo.com
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল আইসিসিকে লেখা চিঠিতে ভেন্যু বদলানোর অনুরোধও করেছে বাংলাদেশ।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্টে ভারত প্রথম যে ম্যাচটি আয়োজন করবে, সেটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। শুধু প্রথমটিই নয়, সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের সব কটিই ভারতে। তিনটি কলকাতায়, একটি মুম্বাইয়ে। প্রশ্ন হচ্ছে, টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র এক মাস। এমন সময়ে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে আইসিসি কী করতে পারে? নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কী করার আছে?




