ভেনেজুয়েলায় বড় আকারে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলা থেকে নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রক সংস্থা ডিইএর কার্যালয়ে নেয়া হয় তাকে।
হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সেখানে কর্মকর্তাদের উদ্দেশে ‘গুড নাইট’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ বলছেন মাদুরো।
স্থানীয় সময় শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর আকস্মিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাতে চালানো ওই অভিযানের সময় তারা কারাকাসের উচ্চ নিরাপত্তাসম্পন্ন এফটি টিউনা সামরিক কমপ্লেক্সে নিজেদের বাসভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
আরও পড়ুন: মাদুরোর মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন
হোয়াইট হাউসের অফিসিয়াল র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট ‘র্যাপিড রেসপন্স ৪৭’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে ডিইএ কার্যালয়ের ভেতরে মাদুরোকে ‘পার্প ওয়াক‘ (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেয়া) করানো হয়।’
ভিডিওতে দেখা যায়, ৬৩ বছর বয়সি কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে এমন একটি চিহ্ন।
এসময় মাদুরোকে সেখানে উপস্থিত কর্মকর্তাদের ‘শুভ রাত্রি’, ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবতরণ করতে দেখা গেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তাকে প্রথমে একটি সামরিক ঘাঁটিতে এবং পরে নিউইয়র্ক সিটিতে পাঠানো হয়।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক
মাদুরোকে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাকে প্রায় ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে এই আটক কেন্দ্রে নেয়া হয়।
আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগে মাদুরোকে এই কেন্দ্রে রাখা হবে বলে জানা গেছে।