Collected from by: সময় মিডিয়া লিমিটেড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

আরও পড়ুন: ঢাকা-১৭: অভিজাত এলাকা হলেও চরম ভোগান্তিতে বাসিন্দরা
 
এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা-১৭ ছাড়াও তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময়। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।
 
আরও পড়ুন: ঋণখেলাপীর তালিকা থেকে মান্নার নাম বাদ, বাধা কাটল নির্বাচনের
 
মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে কিংবা মিছিল ও শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।
 
তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে