Collected from: prothomalo.com
অ্যাস্টন ভিলা ২–১ আর্সেনাল
হারতে কেমন লাগে, ভুলেই গিয়েছিল আর্সেনাল। ভুলতে বসা তেতো সেই স্বাদটা অবশেষে আজ আবার পেল গানাররা। অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে ভেঙেছেন আর্সেনালের ১৮ ম্যাচের অপরাজেয় ধারা। তাঁর সেই গোলেই শনিবার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। আর এই জয়ে ঘণ্টাখানেকের জন্য হলেও পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছিল ভিলা।
ভিলা পার্কে প্রথমার্ধে ম্যাটি ক্যাশের গোলে পিছিয়ে পড়ে মিকেল আরতেতার দল। বিরতির পর নামা বদলি লিয়ান্দ্রো ত্রোসার এসে সমতায় ফেরান আর্সেনালকে। তীব্র লড়াইয়ে দুই দলই কয়েকটি সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত আর্জেন্টাইন উইঙ্গার বুয়েন্দিয়া আর্সেনালের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ম্যাচের প্রায় শেষ স্পর্শে জয়সূচক গোল করেন।





