Collected from: prothomalo.com
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।
এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রাজধানীর বাড্ডা থেকে হাসপাতালের সামনে এসেছেন আনোয়ার হোসেন। তিনি প্রথম আলাকে বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু খালেদা জিয়া আমার পছন্দের মানুষ। তাঁর খোঁজখবর জানার জন্য এসেছি। গত পরশু রাতেও একবার এসেছিলাম।’
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।
এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের কথা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।




