Collected from: prothomalo.com
টানা তিন ম্যাচ ড্রয়ের পর গত সপ্তাহে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে জয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। সেদিন ম্যাচ শেষে ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেছিলেন রিয়াল কোচ জাবি আলোনসো। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রিয়াল। ঘরের মাঠে গতকাল রোববার রাতে সেল্তা ভিগোর কাছে ২–০ গোলে হেরেছে ৯ জনে পরিণত হওয়া জাবির দল।
এর মধ্য দিয়ে ১১ বছর পর রিয়ালকে হারাল সেল্তা। আর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা জিতল ১৯ বছর পর। মৌসুমের এই পর্যায়ে এসে এমন হার রিয়ালের জন্য বিশাল ধাক্কা। এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান বেড়ে দাঁড়াল ৪ পয়েন্ট। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।





