ময়মনসিংহে ইউনিয়ন পরিষদের কাছের ঝোপ থেকে গভীর রাতে ককটেল উদ্ধার
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদের কাছের ঝোপ থেকে গভীর রাতে ককটেল উদ্ধার

Collected from: prothomalo.com

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কাছে ঝোপ থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় বিএনপির সমর্থক আবু বকর ছিদ্দিকের মুঠোফোনে অপরিচিত এক ব্যক্তি কল করে জানান, ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিতে বোমা রাখা হয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ওই ইউপি কার্যালয়ের পেছনের ঝোপ থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করে। ককটেল ও পেট্রলবোমাগুলো একটি শপিং ব্যাগে ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘নাশকতা ঠেকাতে আমাদের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ কারণে দুর্বৃত্তরা হয়তো বিস্ফোরকগুলো ওই ইউনিয়ন পরিষদের পেছনে ফেলে যায়। শপিং ব্যাগের ভেতরে পাঁচটি ছোট-বড় ককটেল ও দুটি পেট্রলবোমা ছিল। মুঠোফোন নম্বরটি আমরা সংগ্রহ করেছি, কারা এই নাশকতার চেষ্টা করেছে, তা শনাক্তের চেষ্টা করছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে