Collected From : Prothomalo.com

রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি। অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ কথা বলেছেন।

ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান গতকাল শুক্রবার ওয়াশিংটনে যান। হাঙ্গেরি যেন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারে, সে ব্যাপারে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টায় তাঁর সঙ্গে বৈঠক করেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানির ওপর ওই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অরবান। এ সময় তিনি বলেন, রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরি ‘পুরোপুরি অব্যাহতি’ পেয়েছে। টার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস ও দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এ অব্যাহতি পাওয়া যাবে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি দেখছি, কারণ তাঁর (অরবান) জন্য অন্য জায়গা থেকে তেল ও গ্যাস পাওয়া খুব কঠিন। আপনারা জানেন, তাদের সমুদ্রপথের সুবিধা নেই।’

ট্রাম্প আরও বলেন, অন্যান্য ইউরোপীয় দেশ এখনো রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে যাওয়ায় তিনি অসন্তুষ্ট হয়েছেন।

ইউরোপীয় নেতাদের মধ্যে অরবানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বেশি সহানুভূতিশীল হিসেবে বিবেচনা করা হয়। মস্কোর ওপর চাপ বাড়িয়ে ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতার ক্ষেত্রে হাঙ্গেরি প্রায়ই বাধা হয়ে দাঁড়ায়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে