সফটওয়্যার হালনাগাদের নির্দেশনা, এয়ারবাসের হাজারো উড়োজাহাজ চলাচলে বিঘ্নের শঙ্কা
সফটওয়্যার হালনাগাদের নির্দেশনা, এয়ারবাসের হাজারো উড়োজাহাজ চলাচলে বিঘ্নের শঙ্কা

Collected from: prothomalo.com

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান এয়ারবাস জানিয়েছে, তাদের উড়োজাহাজে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে চলাচলকারী প্রতিষ্ঠানটির হাজারো উড়োজাহাজের চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

সূর্যরশ্মি থেকে সৃষ্ট তীব্র বিকিরণ উড়োজাহাজ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করতে পারে—এমনটা শনাক্ত করার পর এয়ারলাইনসগুলোকে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজের সফটওয়্যার হালনাগাদ করতে নির্দেশনা দেয় এয়ারবাস।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাসের এ৩২০ মডেলের উড়োজাহাজে এ সমস্যা শনাক্ত হয়েছে। এ৩২০ হলো এয়ারবাসের ‘সর্বাধিক বিক্রি হওয়া’ যাত্রীবাহী উড়োজাহাজের মডেল।

এর ফলে বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার উড়োজাহাজের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এ সংখ্যা বিশ্বে চলাচলকারী এয়ারবাসের উড়োজাহাজের প্রায় অর্ধেক। এটিকে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে ‘খুবই অস্বাভাবিক পরিস্থিতি’ বলছে বিবিসি।

এমন নির্দেশনার পর আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, অল নিপ্পন এয়ারওয়েজসহ বিশ্বের বড় বড় এয়ারলাইনস তাদের বহরে থাকা এয়ারবাসের উড়োজাহাজ চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) আজ শনিবার ৬৫টি ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এয়ার নিউজিল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় সফটওয়্যার হালনাগাদের কার্যক্রম শুরু করার আগে আজ তারা বহরে থাকা এ৩২০ এয়ারবাসের পরিষেবা পরিচালনা করতে পারবে।

এরই মধ্যে সফটওয়্যার হালনাগাদের কাজ শেষ করার ঘোষণা দিয়েছে ইজিজেট। প্রতিষ্ঠানটি বহরে থাকা এয়ারবাসের উড়োজাহাজ আজ স্বাভাবিকভাবে চালানোর পরিকল্পনা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে