Collected From : Prothomalo.com
২০২৬ বিশ্বকাপ ফুটবল ৪৮ দলের। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সেই বিশ্বকাপের টিকিট কেটেছে ২৮টি দল। এ মাসের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলবে আরও ১৪টি দল। অন্য ছয়টি দলকে পাওয়া যাবে আগামী মার্চের ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে। এ মাসে কোন মহাদেশ থেকে কোন দলগুলো কবে বিশ্বকাপের টিকিট পেতে পারে—
ইউরোপ
১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি যাবে বিশ্বকাপে। প্লে-অফ পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে আরও ৪টি দেশ। ইউরোপ থেকে এখন পর্যন্ত শুধু ইংল্যান্ডেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এ মাসে টিকিট নিশ্চিত করবে আরও ১১ গ্রুপ চ্যাম্পিয়ন।
কারা কবে পেতে পারে টিকিট
• ১৩ নভেম্বর ইউক্রেনকে হারালেই ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
• ১৩ নভেম্বর আয়ারল্যান্ডকে হারালেই বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরি পয়েন্ট হারালে ড্র করেও বিশ্বকাপে যাবে পর্তুগাল।
• ‘আই’ গ্রুপে ইতালি মলদোভাকে হারাতে ব্যর্থ হলে ও নরওয়ে এস্তোনিয়াকে হারালেই ১৩ নভেম্বরই বিশ্বকাপের টিকিট পাবে আর্লিং হলান্ডের নরওয়ে। ইতালি মলদোভার কাছে হারলে এস্তোনিয়ার সঙ্গে ড্র করলেই চলবে ১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা নরওয়ে।





